G

আজও পড়ে কি মনে

আজও পড়ে কি মনে?....
আমাদের যে-সময় একলা কেটেছে দু'জনে -
সেই সময়ের কথা ওগো জাগে কি ক্ষণে ক্ষণে,
সেই স্মৃতিসুধাখানি তোমার হৃদয়সমুদ্রমন্থনে,
এখনও কি জাগে তোমার কর্মব্যস্ত জীবনে?..
কোন ক্লান্ত দুপুরে অলস বিকেল লগনে...
সকল কাজের ফাঁকে সবার সঙ্গোপনে..!
আজও পড়ে কি মনে?
আমাদের সেই প্রথম যৌবনে,..
ফেলে আসা রঙ-বেরঙের দিনে,
গল্প হাসি গানের ভূবন ছায়াময় কুঞ্জবনে।
ওগো এখনও কি ভেসে ওঠে?
হংস-হংসীর যুগল মিলনের ছবি,
তোমার কাজলকালো আঁখির দৃশ্যপটে..!
এখনও কি তুমি ভুলোনি পাখির গান?..
বাতাসের স্নিগ্ধ পরশ, ঝরণার কলতান,
প্রভাতী অরুণোদয়, গোধূলির সূর্য-অস্তমান,
তারা গোনা রাত জেগে চাঁদের রূপমদিরা পান..!
তোমার জগতে তুমিও থাকো সুখে,
আমিও আছি আমার মতো করে।
তোমার কথা মনে যখনই পড়ে,
সুখানুভূতির জোয়ার উছলে পড়ে।
তোমারও কি গো হৃদয় এমন করে?..
আমার কথা যখনই মনে পড়ে,
আমাদের সেই সুখের জীবন-নীড়ে..!
তোমারও কি আমায় মনে পড়ে?...
ওগো তোমারও কি আমায় মনে পড়ে?
©ganeshayah