J

আলোর চেয়ে আঁধার ভালো

ছোট্ট ঘরের ছোট্ট মেয়ে
নাম তার ময়না
দাদুর সাথে থাকে কিন্তু
চোখে দেখতে পায়না।।
ইচ্ছে হলো সমুদ্রে যাবে
দাদুর সাথে হেঁটে
বললো দাদু খরচ অনেক
ভাত জোটেনা পেটে।।
ছোট্ট ঘরের ছোট্ট মেয়ে
দাদুর আদুরে ময়না
এমন জেদ ধরেছে সে
ভোলানো তাকে যায়না।।
অনেক বুঝিয়েও যখন দাদু
পারলেন না বোঝাতে
তখন তিনি রওনা দিলেন
সমুদ্র সৈকতে।।
দুঃখ করে দাদুকে সেদিন
প্রশ্ন করে ময়না
দাদু আমি কোনোদিন কি
সমুদ্র দেখতে পাবনা?
প্রশ্ন শুনে দাদুর চোখে
সে কি অশ্রুধারা
চোখ কেড়েছো ঠাকুর তুমি
করেছো মাতৃপিতৃ হারা।।
আর কত কষ্ট দেবে ওকে
ফিরিয়ে দাওনা দৃষ্টি
চোখ থাকলে মেয়েটাকে যে
লাগবে আরও মিষ্টি।।
বছর চারেক পরে ময়না
সমুদ্রে এসেছে আবার
আজ কিন্তু একাই সে
সঙ্গে নেই দাদু যে আর
আজকে ময়না সমুদ্র দেখে
দাদুর দুটি চোখ দিয়ে
ভাবে তখন, আঁধার জীবনই ভালো ছিল
এই দুঃখের আলোর চেয়ে।।
©jishuroy