দেওয়ালে দেওয়ালে ঝুলছে
একেক রকম কলমের ব্র্যান্ড।
আমার মনে হয়-
নিখুঁত একেকটা তলোয়ার।
যার ধার আছে, দাপট আছে,
শুধু পরিচালক নেই।
কিন্তু ভবিষ্যত আছে সামনেই।
মানুষের ভিড়ে মানুষ নির্বাসিত
চন্দন বাটার মত হাত ঘষছে পাথরে
পাথর ভাঙছে সংসার গড়ছে-
তালিকায় আছে সন্তানের নাম।
এই আর্তির বিবরণ দিচ্ছে না এই ব্র্যান্ড।
এই মেধার দুনিয়ায়-
মানুষের কান্না যেনো একতারার তান!
বাউলের সুরে কানে আসে খিদের গান।
এই দুনিয়ায় ভিক্ষার বড়ো অভাব;
তবুও এই কলম থেমে আছে!
আহত মন চাল সঞ্চয় করে পকেটে,
কিন্তু অভাবের ভর মৃত্যু ডাকে সেকেন্ডে।
মাথার ঘামে দাম পায় বহু ঘর
তবুও থামে কি ঝড়?
এই ঝড় থামবে কলমের জোরে।
প্রচলিত মানুষ কালির দাগ মানে না;
মানুষ মানুষকে ভালোবাসে না-
ভালোবাসে রিয়ালিটি শো-
অ্যাকশন লেডি, কিলার টিপস আর চিপস্!
আমার সাধের কলম এবার সৈনিক হবে
কোরা কাগজের নৌকা বানিয়ে
সত্য পাঠাবে মানুষের মন শিয়রে।
আমি শহর ভাঙবো কলমে-
লিখবো পাঁজর ভাঙ্গা শিশুর গান।
লিখবো জীবন মৃত্যুর সন্ধিক্ষণ বারবার-
ব্র্যান্ডেড কলম হোক আবার তলোয়ার।
--ঊর্মি সাহা
১৫/০৬/২২
©Urmi Saha
U