U

বসন্তের রং

কলম ধরেছি আজ লিখব বলে
বসন্ত উৎসব,পলাশ ফুল, নীল রং
সব নিয়ে লিখব।
ছেরা কাগজে রং-বেরঙের নাম লিখব।
লিখব বসন্তের রোদ, বসন্তের প্রেম-
বসন্তের আকাশ আর বসন্তের বিলাপ...
থাকবে ঋতুরাজ বসন্ত আর বসন্ত।
আজ দেখবো মাটির ঘরের ঘরোয়া বসন্ত।
আমি দেখবো গলি পথের শৈশব দৌড়,
দেখবো সাদা,গোলাপী,হলুদ আলপনা।
থাকবে রক্তিম প্রেমের ডাক,
থাকবে রঙের উদ্যাম নাচ,
থাকবে পায়ে আবিরের ছাপ,
সাঁঝের বেলা দোলের আসর-
থাকবে বনমালীর রসিক তাল।
তার মাঝে কোথাও থাকবে স্তব্ধতা।
থাকবে সাত রঙের রাস্তায় শবের মিছিল।
থাকবে মাটির স্তুপে খিদের রোদন।
থাকবে পিতৃহারা বিলাপ-
সেখানেই, থাকবে মৃত্যুর জয়গান।
শোনা যাবে চিৎকার আর চিৎকার,
মিলন ঘটবে বসন্ত আর হতাশার;
মিলিত হবে উল্লাসে আর শোকে;
বেজে উঠবে রং উৎসবের জয় শঙ্খ।
আর সেই রং মাখবে মানুষ!
আকাশের গাল বেয়ে নামবে কান্না,
কোথাও সজীব হবে ভালোবাসার গল্প,
কোথাও থেকে যাবে অতৃপ্তির আশা,
কোথাও থাকবে নিষ্প্রাণ শরীর আর-
আর কোথাও গাঁথবে মাতৃত্বের হাহাকার।
ঊর্মি সাহা
(০৬/০৪/২০২২)
©Urmi Saha