C

মাতৃরূপেন

নিধন করে
নিশুতির নিকষ কালো আঁধারে,
বারণ করি
দুর্ভাগ্যের দারুণ দৃঢ় প্রহারে।
দোহক আমি,
দিতে পারি এক লহমায় আলো।
দাহক আমি,
দহন করি সব করাল কূটগুলো।
সোনা আমার, তোর জন্য সব পারি,
তুচ্ছ সকল দুখ।
খোকা,তুই যে আমার চাঁদের কণা,
তুই তো সকল সুখ।
সহন করে
কত শত যাতনার বিষ জ্বালা,
বরণ করি,
বুকের মাঝেতে বেদনার মালা।
প্রয়োগ করি,
ধারক রূপে ধন্য যতেক কলা।
সৃজক রূপে,
তোর বুকে সৃজি আনন্দ মেলা।
মানিক আমার, এই দুচোখ জুড়ে
শুধু যে তোর মুখ,
নষ্ট নীড়েও জড়িয়ে থাকি
একটু পেতে সুখ।
জীবন ফাঁকি,
লাজ লালসার জোয়ারে না ভেসে,
ধীর থাকি,
ধরনী মা-র মত ধাত্রী বেশে।
অমৃত দি.....
সাধ সাধনার মূর্ত মূর্তিটিকে।
স্বপ্ন ধরাই.......
দুচোখে তার, ছোটাই দিকে দিকে।
তোর, একটি চুমুই ভেজায় আমার
ঊষর তপ্ত বুক,
তোর, ছন্দ ছোঁয়া মিঠে চলার পথ
আমার চরম সুখ।