G

মায়াবিনী মনোমিতা

মরীচিকার প্রহেলিকা আর নয়, শ্রান্তি ভুলে
ভ্রান্ত পথিক চেয়ে দেখ ঐ স্নিগ্ধ ছায়ার ছাতা,
মরুভূমি মাঝে মরূদ্যান মায়াবিনী মনোমিতা,
নিকুঞ্জ বেষ্টিত যার লতা, পাতা আর ফুলে।
গন্তব্য আজ মিলে গেছে শেষে, সকল গ্লানি
ভুলে যাও: কথা দিয়ে কেউ যদি রাখে না কথা,
ভুলে যাও করে যদি কেউ বিশ্বাসঘাতকতা,
শুধু চেয়ে দেখ ঐ মায়াবিনীর অপ্রতিরোধ্য হাতছানি!
আজ অবশেষে এই চির শান্তির দেশে
নিদ্রামগ্ন হও সারা পৃথিবীর কথা ভুলে;
যত জন্ম আরও রয়েছে পড়ে এমনি মোহাবেশে
আচ্ছন্ন থাক, একটি বারও দেখনা চক্ষু খুলে;
সকল বাঁধনমুক্ত তুমি শুধু সেই বাহুপাশে
বাঁধা থাক, কী যায় আসে তোমার দুনিয়া কী বলে!
©ganeshayah