একি অনাসৃষ্টি কান্ড বলতো মেঘ?
সারা আকাশ জুড়ে আজ গোমড়া মুখ করে তুই!
অফিস বেরোচ্ছি আর এখনি তোর বৃষ্টি হয়ে ঝরা?
মেট্রো পর্যন্ত তো আমায় হেঁটে পার হতে হয় পথ বল!
এই বৃষ্টি ভেজা কাদা মাখা পথ কার বা ভালো লাগে!
তাও আবার অফিস যেতে!
উঁ হুঁ তুই ভিজিয়ে দিবি বললেই তো আর হলনা!
ছাতাটা নিয়েই বেরিয়েছি!
আজ আমার তোর বৃষ্টিতে ভেজা বারণ!
ভুলে গেছিস বুঝি আমার ঠান্ডা লাগার ধাত।
জানিসই তো ঠান্ডায় আমার কেমন করে গলা ব্যথা!
তাও আজকে আমায় ভিজিয়ে দিবি?
কি জানি রে বাপু কি হয়েছে তোর আজ!
আমি তোর এই অনুকম্পার অর্থ বুঝি না!
আসলে বলতে পারিস আমি সেটা বুঝতে চাই না!
ভালো লাগেনা আমার আজ আর তোর খোঁজ নিতে!
আজ আর তোর মন খারাপের ধার ধারিনা।
সে তুই যতই রাগ কর, তাতে আমার বয়েই গেছে!
ডাক পিয়ন কে জানিয়ে দিয়েছি
এবার থেকে তোর চিঠি আসা বারণ!
ডাকবাক্স কে বলে রেখেছি,
এবার যদি মেঘের কোনো চিঠি আসে,
বলে দিও, সে হারিয়ে গেছে নিরুদ্দেশে!
এ ঠিকানায় আর কেউ থাকেনা!
ডাকবাক্সের গায়ে দেখো চেয়ে,
মুছে গেছে সে নাম তিলোত্তমার!
সে আজ বৃষ্টি তুমি যতই ঝরাও,
তার আজ আর কিছুতে যায় আসে না!
বরং মেঘ আজ তুই অন্য কোথাও যা!
অন্য কোন দেশে, অন্য কারোর কাছে!
যেখানে অন্য বিশেষ কেউ,
তোর খুব অপেক্ষায় আছে!
এবার না হয় হোক তোর সেখানেই ঝরা পড়া!
রাগ অভিমান তোর সে বুঝুক না হয়,
শুনুক না হয় এবার সে তোর, দুঃখ আছে যত!
দিক সেখানেই প্রলেপটা তার নতুন প্রেমের মত!
যেখানে তোর লুকিয়ে আছে হাজার প্রেমের ক্ষত।।
Sangita Maiti
©sangi
S