S

সরল প্রশ্ন

সরল প্রশ্ন
সুপান্থ পুতন্ডি
বুকের মাঝে শ্রদ্ধা রেখেই
           প্রশ্ন কিছু শুধায় প্রভু
সত্যি তুমি আছো কোথাও
           জগৎ ত্বরে আসবে কভু
ক্ষুধার্ত ঐ চাষীর ব্যাটা
            যখন ঝোলে গাছের তলায়
তোমার গলা পায় যে শোভা
             রজনীগন্ধা ফুলের মালায়
একটি দানাও জোটে না যখন
             পথের শিশুর ফুটো থালায়
হরেক রকম খাবার তখন
              তোমার পূজার অর্ঘ্য ডালায়
শীতের জ্বালায় মরছে মানুষ
               মাথার উপর শূন্য আকাশ
হোম-যঙ্গে তৃপ্ত তুমি
                স্পর্শে তখন উষ্ণ বাতাস
তোমার নামেই জ্বলছে আগুন
                মরছে যখন লক্ষ মানুষ
ধ্বজা তখন উড়ছে তোমার
                 বুকের মাঝে ধর্ম ফানুস
পেটের জ্বালা মিটছে যখন
                 সন্তানকে বিক্রি করে
মন্দিরেতে তখন তুমি
                দাঁড়িয়ে থাকো অন্ন ধরে
বেকার ছেলে ক্ষুধার্ত পেট
                ঘুরছে যখন হন্যে হয়ে
ধর্ম ভয়ে ভীরু সমাজ
                আশ্রয় খোঁজে ভন্ড ছায়ে
কুসংস্কার আর জাতের দায়ে
                মরছে মানুষ লাখো লাখো
মন্দিরের ঐ দরজা দিয়ে
                কেন শুধুই তাকিয়ে দেখো
সিংহাসনের সুখটি ছেড়ে
                এসো প্রভু জগৎ মাঝে
তুমিই যখন জগত পিতা
                নিরবতা কি তোমার সাজে।
              
©supantha