যৌবন চির উচ্ছল
ঝর্নার মত,
চঞ্চল উন্মাদ মতি ;
ছলকিয়া চলে, অদম্য তার গতি।
চির উদ্ধত।
যৌবন গিরি দেশে বহমান
নদীর মত,
উপড়িয়া ফেলে, তারে লয়ে খেলে ;
ভাঙিয়া পড়ে নব নব ছলে।
ভাঙাগড়া তার ব্রত।
যৌবন স্রোতস্বিনী মিয়েন্ডারের
অসংখ্য বাঁকের মত,
কখন এদিকে যায়,
কখন ওদিকে ধায় ;
অস্থির সতত।
যৌবন মিঠে মোহময়
মোহনার মত,
মিলিতে চায়, মিলাতে চায় ;
মিলিয়াও মুক্তি না পায়।
বাঁধা মোহে শত।
যৌবন যেন
সদা বহমান সেই নদী।
যে কখন নির্মম, কখন দরদী।
কখন সে খলনায়ক,
কখন বিষ মাখা তীর।
কখন সে মহানায়ক,
কখন বিধাতা ধরিত্রীর।
C