যদি হাত রাখো সম্মানে
আমি মাথা উঁচু করে বাঁচবো।
আরো মাটির কাছাকাছি যাবো,
ঈর্ষার ঘোরে মাথা নত মুখ-
মুখ খুলবে যুধিষ্ঠির এর মতন।
যে মাটি ভুগছে অসুখে, বহুদিন;
দেখবো তার সোনালী ভবিষ্যত।
যদি হাত রাখো যত্নে
আরো অক্ষত হব আমি।
প্রকৃতির সন্তান দু'পায়া প্রাণীর জুলুমে,
মুখ ফিরিয়েছে যে মাইগ্রেন্ট পাখি-
হৃদয় ভেঙেছে যাদের-
তারাও সাক্ষী হবে নতুন সূর্যোদয়ের।
যদি হাত রাখো আদরে
আমি উন্মাদ হব অনায়াসে।
মাটির নারী ছিঁড়ে বেরিয়ে আসা-
শিকড়কে ভালোবাসব আমি।
মুখ দেখাবে শিশু গাছ।
মিলন হবে ক্লোরোফিল আর সূর্যালোকের।
যদি হাত রাখো ভালোবেসে
আমি ভালোবাসবো অজুহাতে।
অসহ্য সুখ হবে পৃথিবীর কপালে,
দেখবে, গ্রামের রণহিংসার-
মেরুদন্ড ভেঙেছে।
পিচের রাস্তা ছেড়ে প্রেমিক যুগল
হাত ধরেছে সর্ষে ফুলের মধ্যিখানে।
দোলের আবিরের মতন
রঙিন হবে পৃথিবীর মুখ।
মঙ্গল আলো জ্বলবে ঘরে ঘরে,
সীতার মত যৌবনাময়ী হবে নারী,
কাব্যের মত কল্যাণী হবে ধরণী।
-ঊর্মি সাহা
১৮/১০/২০২২
©Urmi Saha
U